হাইব্রিড পদ্ধতিতে ক্লাস পরিচালনার পরিকল্পনা
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হবে। এ ব্যবস্থায় শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ করবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে এবং বাকি দিনগুলোতে অনলাইনের মাধ্যমে পাঠদান চলবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স সংযুক্তিকরণ বিষয়ক এক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
দীর্ঘ পরীক্ষা প্রক্রিয়া ও অনিয়ম নিয়ে উদ্বেগ
শিক্ষামন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। প্রশ্ন প্রণয়ন, খাতা মূল্যায়ন এবং ফল প্রকাশে অতিরিক্ত সময় লাগায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তিনি মনে করেন, এই ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি।
এছাড়া তিনি জানান, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণিকক্ষে পাঠদানে যুক্ত রাখা প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে বলেও উল্লেখ করেন তিনি, এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। বিদেশে প্রশিক্ষণ নিয়েও অনেক কর্মকর্তা দেশে ফিরে তার যথাযথ প্রয়োগ করছেন না বলেও তিনি মন্তব্য করেন।
ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান যথাযথ অনুমোদন ও নিরাপত্তা ছাড়াই পরিচালিত হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। পাশাপাশি প্রচলিত নকল কমলেও ডিজিটাল নকলের প্রবণতা বেড়েছে—এ সমস্যা সমাধানে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
